আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী এস এম ফয়সলকে শোকজ

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী এস এম ফয়সলকে শোকজ


‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জ-৪ (সংসদীয় আসন ২৪২) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

‎নোটিশে বলা হয়েছে, গত ৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেববাড়িতে অনুষ্ঠিত এক জনসভায় এস এম ফয়সল উপস্থিত ছিলেন। ওই সভায় তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদ প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। সভায় উপস্থিত থাকা সত্ত্বেও এস এম ফয়সল কোনও বাধা দেননি।

‎নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচারণা পরিচালিত হয়েছে। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ৩, ১৮ ও ৩০ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৯১খ (২) ও ৯১খ (৩) ধারার লঙ্ঘন।

‎নোটিশে বলা হয়েছে, কেন এস এম ফয়সলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে তাকে আগামী ২০ জানুয়ারি দুপুর ১২টায় হবিগঞ্জ সার্কিট হাউজের সভাকক্ষে (কক্ষ নং ২০৩) স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে কারণ দর্শাতে হবে।

‎নোটিশ দ্রুত জারি ও জারির প্রতিবেদন দাখিলের জন্য মাধবপুর থানার অফিসার ইন-চার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 89 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ